আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পশ্চিম তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে একাধিক ভবন।

নিজেস্ব প্রতিবেদক:

তুরস্কের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বিশাল এলাকা। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে অন্তত তিনটি ভবন ও একটি দোকানঘর ধসে পড়েছে।

যদিও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর মেলেনি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বালিকেসির প্রদেশের সিনদিরগি শহরে। স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে মাটি কাঁপে, যার গভীরতা ছিল প্রায় ৬ কিলোমিটার। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে, রাজধানী ইস্তাম্বুলসহ বুরসা, মানিসা ও ইজমির প্রদেশেও কম্পন অনুভূত হয়। পরপর কয়েকটি আফটারশকও রেকর্ড করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, ধসে পড়া ভবনগুলো আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ছিল এবং বেশিরভাগই ফাঁকা অবস্থায় ছিল। তিনি জানান, এখন পর্যন্ত বড় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বালিকেসির গভর্নর ইসমাইল উস্তাওগলু জানিয়েছেন, ধ্বংসস্তূপে কেউ আটকে পড়েননি, তবে আতঙ্কে দৌড়ে পালানোর সময় অন্তত ২২ জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসক দোগুকান কোয়ুনচুর ভাষায়, “এখনও আমরা ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানতে পারিনি, তদন্ত চলছে।”

এর আগে গত আগস্টে একই অঞ্চলে প্রায় একই মাত্রার ভূমিকম্পে একজন নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন। ভূমিকম্পপ্রবণ এই বালিকেসির এলাকাটি এরপর থেকে নিয়মিত ছোট কম্পনের মুখে পড়ছে।

উল্লেখ্য, ২০২৩ সালে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান। সেই বিপর্যয়ে পার্শ্ববর্তী সিরিয়াতেও প্রাণ হারান প্রায় ৬ হাজার মানুষ।

মতামত দিন