আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ৫০ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতীয় নাগরিকদের হাতে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার (২৭ অক্টোবর) ভোরে হরিয়ানা রাজ্যের ২৫ থেকে ৪০ বছর বয়সী প্রায় ৫০ তরুণ দেশে পৌঁছান।

এদের মধ্যে বেশির ভাগই হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট ও গোয়ার বাসিন্দা।তারা ‘ডানকি রুট’ নামে পরিচিত বিপজ্জনক মানবপাচারের পথ ধরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।

উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রাখা এবং এজেন্টদের প্রতিশ্রুতিতে বিদেশ যাওয়া এই তরুণদের স্বপ্ন ছিন্ন হয়েছে। তাদের অনেকেই এখন ঋণের বোঝায় দমবন্ধের পরিস্থিতিতে রয়েছেন।

হরিয়ানার কর্মকর্তারা জানিয়েছেন, ফেরত আসা তরুণদের মধ্যে ১৬ জন কারনাল, ১৪ জন কাইথাল, ৫ জন কুরুক্ষেত্র এবং একজন পানিপথের বাসিন্দা। কেউ কয়েক বছর, কেউ কয়েক মাস সেখানে ছিলেন। কারাভোগের পরে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

ফেরত আসা কারনালের রাহরার অঙ্কুর সিং (২৬) জানান, ২০২২ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তার খরচ হয়েছিল ২৯ লাখ রুপি। দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশগুলো পেরোতে চার মাস সময় লেগেছিল। জর্জিয়ার একটি মদের দোকানে কাজের সময় ধরা পড়ার পর তিনি কয়েক মাস আটক থাকার পর ২৪ অক্টোবর দেশে ফেরত আসেন।

কাইথালের তারাগড় গ্রামের নরেশ কুমার জানান, ২০২৪ সালের ৯ জানুয়ারি তিনি ব্রাজিল হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান। এজেন্টরা তাকে প্রতারণা করে মোট ৫৭ লাখ ৫০ হাজার রুপি আদায় করে। শেষ পর্যন্ত এক একর জমি বিক্রি করে ঋণ নিতে হয়। ১৪ মাস কারাভোগ শেষে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

পুলিশ জানায়, রোববার দিল্লি থেকে ফেরত আসা তরুণদের মধ্যে একজন স্থানীয় আদালতের পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। জিন্দ জেলার তিনজন তরুণও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ‘ডানকি রুট’-এর মাধ্যমে বিদেশ যাওয়া গুরুতর অপরাধ। এতে পরিবার নিঃস্ব হয়, মানুষ প্রতারণা, নির্যাতন ও মৃত্যুর মুখে পড়ে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

মতামত দিন