দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত।
দক্ষিণ চীন সাগরে প্রায় আধা ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে উভয় উড়োজাহাজের ক্রুরা জীবিত অবস্থায় উদ্ধার পেয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী।
বিবৃতিতে জানানো হয়, গত রোববার (২৬ অক্টোবর) বিমানবাহী রণতরী ইউএসএস নিমিত্জ থেকে উড্ডয়ন করা এমএইচ–৬০আর সিহক হেলিকপ্টারটি নিয়মিত অভিযানের সময় দুর্ঘটনায় পড়ে। কিছু সময় পর একই রণতরী থেকে আকাশে উঠা এফ/এ–১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানটিও বিধ্বস্ত হয়।দুটি দুর্ঘটনাই পৃথক সময়ে ঘটলেও উভয় ক্ষেত্রেই নৌবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত পদক্ষেপ নিয়ে ক্রুদের নিরাপদে নিয়ে আসে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ দক্ষিণ চীন সাগর দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ সাগরের অংশবিশেষ নিজেদের নিয়ন্ত্রণে দাবি করে আসছে। যুক্তরাষ্ট্র এ অঞ্চলে নিয়মিত টহল ও মহড়া চালিয়ে আঞ্চলিক দেশগুলোর প্রতি সমর্থন জানায় এবং বেইজিংয়ের প্রভাব ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখে।
ঘটনাটি ঘটল এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন। সফরসূচিতে রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা।

মতামত দিন