ট্রাম্পের এশিয়া সফর,কিম জং উনের সঙ্গে সম্ভাব্য সাক্ষাতের ইঙ্গিত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা উড়িয়ে দেননি। শুক্রবার হোয়াইট হাউস থেকে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি চাই, তিনিও জানুক আমরা সেখানে যাচ্ছি।
কিমের সঙ্গে বৈঠক হবে কি না—এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি সঠিকভাবে জানি না। তবে আমরা তাকে জানিয়েছি এবং তিনি জানেন আমি যাচ্ছি।’
কিম সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমাদের সম্পর্ক খুবই ভালো।’ উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে এই দুই নেতার সর্বশেষ বৈঠক হয়েছিল।
এদিকে দক্ষিণ কোরিয়ায় ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতীক্ষিত বৈঠক। হোয়াইট হাউস বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।
দুই নেতার এই বৈঠক হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে, দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর শি জিনপিংয়ের সঙ্গে তার প্রথম সরাসরি মুখোমুখি বৈঠক হবে।
মতামত দিন