ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম দিয়ে নির্দেশনা জারি করেছে সৌদি আরব।
ওমরাহ পালনে সৌদি আরবে যেতে হলে এখন থেকে যাত্রীদের যাওয়া-ফেরার উভয় টিকিটই একসঙ্গে নিতে হবে। যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন এই নির্দেশনা জারি করেছে সৌদি এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষ।
গত সপ্তাহে এমন এক ঘটনার মুখে পড়েন আমিরাতপ্রবাসী সাইয়্যেদ মিরান। জেদ্দাগামী ফ্লাইট ধরতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে তিনি জানতে পারেন, ফিরতি টিকিট ছাড়া বোর্ডিং সম্ভব নয়। ওমরাহ ভিসা হাতে থাকলেও চেক-ইন কাউন্টারে তাকে আটকে দেওয়া হয়।
মিরান বলেন, “আমি ভেবেছিলাম মদিনায় কয়েক দিন থাকব, তারপর ফেরার তারিখ ঠিক করব। কিন্তু তারা বলল, ফিরতি টিকিট না থাকলে বোর্ডিং পাস দেওয়া যাবে না। শেষ মুহূর্তে অনলাইনে টিকিট কাটতে গিয়ে আমার প্রায় আধা ঘণ্টা লেগে যায়।”
ভ্রমণ সংস্থাগুলোর দাবি, সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ ও এয়ারলাইনগুলো ওমরাহযাত্রীদের ভ্রমণ পরিকল্পনা সুনির্দিষ্ট রাখতে কঠোর অবস্থান নিয়েছে। এখন থেকে যাত্রীর ভিসার ধরন বা নাগরিকত্ব যাই হোক, সবাইকেই আগেভাগে ফিরতি টিকিট নিতে হবে।
আসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক কায়সার মাহমুদ জানান, “এই নিয়মের মাধ্যমে কর্তৃপক্ষ সহজেই যাত্রীর অবস্থানকাল নির্ধারণ করতে পারে। কেউ যেন নির্ধারিত সময়ের বেশি না থাকে, সেটাও নিশ্চিত হয়।”
তার ভাষায়, “যাত্রীরা যদি নিজেরা টিকিট বুক করেন, তাহলেও রিটার্ন টিকিট বাধ্যতামূলক। সিস্টেম এখন ভিসার মেয়াদ ও টিকিটের তারিখ মিলিয়ে দেখে। এতে বোঝা যায় কে কখন ফিরবেন, ফলে বোর্ডিং বা ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয় না।”
কায়সার মাহমুদ আরও জানান, এখন ট্রাভেল এজেন্টদেরও যাত্রীর সম্পূর্ণ তথ্য অনলাইনে আপলোড করতে হয়। যদি কারও ফেরার তারিখ নিবন্ধিত না থাকে, অনেক সময় চেক-ইন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা অপ্রয়োজনে মানসিক চাপের মুখে পড়েন, যা নতুন নিয়মে কিছুটা কমবে।
রিহান আল-জাজিরা ট্যুরিজমের শিহাব পারওয়াদের ভাষায়, “অনেকে ভেবেছিলেন নুসুক অ্যাপ বা এয়ারলাইনের ওয়েবসাইট দিয়ে পরে ফেরার টিকিট কাটবেন। এখন সেটা আর হচ্ছে না। ওমরাহ ভিসা ও হোটেল বুকিং থাকলেও রিটার্ন টিকিট দেখানো বাধ্যতামূলক।”
তিনি আরও বলেন, “ফিরতি টিকিট শুধু যাত্রীর জন্য নয়, সৌদি প্রশাসনের জন্যও জরুরি। এতে হজ ও ওমরাহ মৌসুমে যাত্রী চলাচল, হোটেল বরাদ্দ ও পরিবহন ব্যবস্থাপনা সহজ হয়।”
ভ্রমণ অপারেটরদের পরামর্শ, ওমরাহর পরিকল্পনা করার সময়ই যাত্রীরা যেন যাওয়া ও ফেরার টিকিট একসঙ্গে বুক করেন। এতে শেষ মুহূর্তে জটিলতা বা বিমানবন্দরে বিপত্তি এড়ানো সম্ভব হবে।
সূত্র: খালিজ টাইমস
মতামত দিন