আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ট্রানজিট বাণিজ্য আবার শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে কয়েকদিনের যুদ্ধবিরতির পর ট্রানজিট বাণিজ্য পুনরায় চালু হয়েছে। পাকিস্তানের ট্রানজিট বাণিজ্য অধিদফতর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, কার্গো ক্লিয়ারেন্স প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে বাব-ই-দোস্তি সীমান্তে আটকে থাকা নয়টি যানবাহন রফতানি অনুমোদন পাবে। দ্বিতীয় ধাপে এনএলসি টার্মিনাল থেকে ৭৪টি যানবাহন আফগানিস্তানে পাঠানো হবে। শেষ ধাপে ইয়ার্ডে পার্ক করা ২১৭টি যানবাহন প্রস্তুত করা হবে।

চামান সীমান্ত রুটের মাধ্যমে ধাপে ধাপে ট্রানজিট কার্যক্রম পুনরুদ্ধারের জন্য সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। দীর্ঘস্থায়ী স্থগিতাদেশের কারণে শত শত পণ্যবাহী যানবাহন সীমান্তে আটকে ছিল।

ঘটনার প্রেক্ষাপট: ১১ থেকে ১২ অক্টোবর রাতে আফগান তালেবান ও সহযোগীরা পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা চালালে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাকিস্তান-আফগান সীমান্তে সংঘর্ষে ২০০-এর বেশি তালেবান নিহত এবং ২৩ পাকিস্তানি সেনা শহীদ হন। পাকিস্তান পরে আফগানিস্তানের গভীরে লক্ষ্যভিত্তিক হামলা চালায়।

এরপর আফগান সরকারের অনুরোধে ১৫ অক্টোবর ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হয়। ১৭ অক্টোবর এটি আরও ৪৮ ঘণ্টা বাড়ানো হয়। কাতারের মধ্যস্থতায় আলোচনার পর দুই দেশ রোববার তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

মতামত দিন