আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে গলায় তার পেঁচিয়ে হত্যা, বাংলাদেশিসহ আটক ৬।

নিজেস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে এক বাংলাদেশি নির্মাণশ্রমিককে শ্বাসরোধে হত্যা করার অভিযোগে স্থানীয় এক নাগরিকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। নিহতের বয়স ৩৭ বছর।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ইয়ান জেলার গুয়ার চেমপেদাক এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ইয়ান জেলা পুলিশের প্রধান মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানিয়েছেন, নিহত ব্যক্তি একটি সেতু নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন কাজে দেরি করে পৌঁছানো নিয়ে তার এক স্থানীয় সহকর্মীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। ওই সহকর্মী তাকে বকাঝকা করলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহতের গলায় ফাঁসের দাগ এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে।

ঘটনাস্থল ছিল একতলা ইটের একটি বাড়ি, যেখানে নিহতসহ সাতজন শ্রমিক থাকতেন। তাদের মধ্যে দুজন স্থানীয় ও চারজন বাংলাদেশি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, তর্কাতর্কির একপর্যায়ে স্থানীয় ব্যক্তি একটি রড হাতে নেন। নিহত শ্রমিক তখন রান্নাঘর থেকে ছুরি তুলে তাকে আঘাত করতে যান। এরপর অভিযুক্ত পাশের রিল থেকে তার নিয়ে গলায় পেঁচিয়ে দেন। অল্প সময়ের মধ্যেই বাংলাদেশি শ্রমিক অচেতন হয়ে পড়েন। এরপর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

পুলিশ স্থানীয় ওই নাগরিকসহ ছয়জনকে আটক করেছে। তাদের বয়স ২৯ থেকে ৪৪ বছরের মধ্যে।

ঘটনাস্থল থেকে একটি তারের রিল, ছুরি ও কংক্রিটের রড উদ্ধার করা হয়েছে। হত্যার অভিযোগে মামলাটি দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্তাধীন। আটক ব্যক্তিদের রিমান্ড আবেদন করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইয়ান জেলা পুলিশপ্রধান।

মতামত দিন