নেতানিয়াহু কানাডায় পা রাখলে তাকে গ্রেপ্তার করা হবে: কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি কানাডায় প্রবেশ করেন, তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নির্দেশ অনুসারে তাকে গ্রেপ্তার করা হবে—এমন কঠোর বার্তা দিয়েছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কারনি।
সোমবার (২০ অক্টোবর) রাজধানী অটোয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে কারনি স্পষ্ট ভাষায় বলেন, কানাডা আন্তর্জাতিক আইন ও জবাবদিহিতার নীতির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
কারনি আরও বলেন, “আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশকে শুধুই রাজনৈতিক অবস্থান নয়, বরং বাধ্যতামূলক বিচারিক নির্দেশ হিসেবেই বিবেচনা করব। তাই নেতানিয়াহু যদি কানাডার মাটিতে প্রবেশ করেন, তাকে গ্রেপ্তার করা হবে।”
সম্প্রতি গাজা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োগাভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কানাডা রোম স্ট্যাটিউট স্বাক্ষরকারী দেশগুলোর একটি হওয়ায় আন্তর্জাতিক আদালতের সেই নির্দেশ কার্যকর করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে তাদের ওপর।
এ ঘোষণার মাধ্যমে প্রথমবারের মতো কোনো পশ্চিমা দেশ প্রকাশ্যে এমন অবস্থান নিল, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষজ্ঞদের মতে, কানাডার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের অস্বস্তি সৃষ্টি করতে পারে। তবে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এটিকে সাহসী এবং নৈতিক নেতৃত্বের নজির হিসেবে দেখছেন।

মতামত দিন