যুদ্ধবিরতির মাঝেও গাজায় ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল।
যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের দায়ে রোববার গাজা উপত্যকায় তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ অভিযানে প্রায় ১৫৩ টন বোমা ব্যবহার করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার ইসরায়েলি সংসদ ‘নেসেট’-এ বক্তৃতাকালে নেতানিয়াহু বলেন, “শান্তি কেবল শক্তির মাধ্যমেই স্থাপন সম্ভব, দুর্বলতার নয়। ইসরায়েল আজ এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে শক্তিই আমাদের শান্তির হাতিয়ার।”
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, রোববার হামাসের এক আকস্মিক আক্রমণে দুই সেনা নিহত হয়।এর পরই প্রতিশোধমূলক হামলায় গাজায় হামাসের একাধিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস করা হয়।
তবে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ইসরায়েলই গাজায় আগ্রাসন চালিয়ে পরিস্থিতি উস্কে দিচ্ছে।
২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬৮ হাজার ১৫৯ জনে; আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭০ হাজারের বেশি। অন্যদিকে, ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছিল ১ হাজার ১৩৯ জন, এবং প্রায় ২০০ জনকে ধরে নিয়ে গিয়েছিল হামাস।
মতামত দিন