কার্গো উড়োজাহাজ অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধস্ত নিহত ২।
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে সাগরে গিয়ে পড়ে বিমানটি।
ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) ভোরে। দুবাই থেকে আসা ফ্লাইট ইকে-৯৭৮৮ উত্তর দিকের রানওয়েতে অবতরণের সময় একটি নিরাপত্তা বাহনের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর দুজন গ্রাউন্ড স্টাফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, বিমানে থাকা চারজন ক্রু সদস্য জীবিত এবং তারা সবাই নিরাপদে রয়েছেন। দুর্ঘটনার সময় আকাশে আবহাওয়া ছিল স্বাভাবিক।
সাক্ষীদের বরাত দিয়ে জানানো হয়, অবতরণের সময় উড়োজাহাজটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বেড়া ভেঙে ফেলে এবং এরপর নিরাপত্তা টহল গাড়িটির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে বিমানটি দুই টুকরো হয়ে সাগরে গিয়ে পড়ে।
ঘটনার পরপরই দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে।এতে অংশ নেয় ২১৩ জন কর্মী এবং ৪৫টি উদ্ধারযান। তদন্তকারীরা বর্তমানে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধারে কাজ করছে।
বিমানটি ছিল বোয়িং ৭৪৭-৪৮১ (বিডিএসএফ) মডেলের, যার বয়স প্রায় ৩০ বছর। এটি প্রথমে যাত্রীবাহী উড়োজাহাজ হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীতে কার্গোতে রূপান্তর করা হয়।
এমিরেটসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত ফ্লাইটটি ‘ওয়েট লিজ’ চুক্তির আওতায় এয়ার এসিটি নামের একটি কোম্পানি থেকে ভাড়া নেওয়া হয়েছিল। উড়োজাহাজটিতে কোনো পণ্য ছিল না, আর সব ক্রু সদস্য নিরাপদে আছেন।
মতামত দিন