চীনের শীর্ষ সেনা কর্মকর্তাদের ৯জন জেনারেল একসঙ্গে বহিষ্কার।
চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি) সামরিক বাহিনীতে দুর্নীতি ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে সবচেয়ে বড় শুদ্ধি অভিযান শুরু করেছে। অভিযানে নয়জন শীর্ষ জেনারেল দল ও সেনা থেকে বহিষ্কার করা হয়েছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই জেনারেলরা গুরুতর আর্থিক অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের এখন সামরিক আদালতের মুখোমুখি হতে হবে।
সবচেয়ে আলোচিত ব্যক্তি হলেন হে ওয়েইডং, যিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরে সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদে ছিলেন এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) উপ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। মার্চ থেকে তিনি জনসমক্ষে অনুপস্থিত ছিলেন, যা নতুন জল্পনার জন্ম দিয়েছে।
অন্য গুরুত্বপূর্ণ বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—
-
সিএমসির রাজনৈতিক বিভাগের পরিচালক মিয়াও হুয়া
-
রকেট ফোর্সের প্রধান ওয়াং হৌবিন
-
নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার ইউয়ান হুয়াঝি
-
সশস্ত্র পুলিশের প্রধান ওয়াং চুননিং
বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু দুর্নীতি দমন নয়, বরং শি জিনপিংয়ের রাজনৈতিক শক্তি আরও দৃঢ় করার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি দলীয় শৃঙ্খলা জোরদার করার মাধ্যমে ক্ষমতা সংরক্ষণ করে আসছেন।
তবে কিছু বিশ্লেষক সতর্ক করেছেন, এর ফলে সেনাবাহিনী ও প্রশাসনে ভয় ও স্থবিরতার পরিবেশ তৈরি হতে পারে।
চীনের ফোর্থ প্লেনাম বৈঠক ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত সদস্য ও আলোচিত বিষয়গুলো দেখেই জানা যাবে, শুদ্ধি অভিযান কতটা বিস্তৃত হয়েছে।

মতামত দিন