যুক্তরাষ্ট্রের মিশিগানে করপোরেট বিমান বিধ্বস্ত, সবাই নিহত।
দ্য ডেইলি বিস্টের প্রতিবেদনে জানানো হয়, বিকট শব্দের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা দিলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
বাথ টাউনশিপের তত্ত্বাবধায়ক রায়ান ফেভিন্স-ব্লিস জানান, বিধ্বস্ত বিমানে তিনজন যাত্রী ছিলেন এবং তাদের সবাই নিহত হয়েছেন।
ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যমতে, ‘হকার ৮০০এক্সপি’ মডেলের টুইন-ইঞ্জিন করপোরেট জেটটি ব্যাটল ক্রিক–ডব্লিউকে কেলগ আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। এটি মেক্সিকোভিত্তিক ‘এরিও লাইনাস ডেল সেন্ট্রো এসএ’ নামের একটি কোম্পানির মালিকানাধীন।
এফএএ ও এভিয়েশন সেফটি নেটওয়ার্ক জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও বিমানের গন্তব্য এখনো নিশ্চিত নয়। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্তে ফেডারেল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে।
ডেইলি বিস্ট জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
মতামত দিন