যুদ্ধবিরতি চলাকালীন সময়ে গাজায় ড্রোন হামলা নিহত ১।
ফিলিস্তিনের গাজার দক্ষিণ অঞ্চলে নতুন করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যার ফলে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষ নিহতের খবর নিশ্চিত করলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি অস্বীকার করেছে।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন সময়ে ফিলিস্তিনিদের ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকায় না যাওয়ার বিষয়ে বারবার সতর্ক করা হয়েছে। এর মধ্যেই দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটে। তবে আইডিএফ জানিয়েছে, তারা আজ ওই এলাকায় কোনো বিমান হামলার পরিকল্পনা বা নির্দেশনার বিষয়ে অবগত নয়।
একই সময়ে, খান ইউনিসের নাসের হাসপাতাল জানিয়েছে, ড্রোন হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে, মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে প্রকাশ, ইসরায়েলের হাতে থাকা বন্দিদের মরদেহ ফেরত দেওয়ার সময় ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখা গেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে প্রায় ৪৫ জনের মরদেহ গাজায় ফেরত আসে।
মিডল ইস্ট আই সূত্রের তথ্য অনুযায়ী, এসব মরদেহের মধ্যে কিছু সম্প্রতি নিহত, আবার কিছু পচনধরা বা আংশিক অবস্থায় এসেছে। বেশিরভাগ মরদেহে গলা চেপে ধরার দাগ, হাড় ভাঙা, অঙ্গহানি, অঙ্গপ্রত্যঙ্গ বিকৃত হওয়া এবং হাত-পা বাঁধা থাকার মতো চিহ্ন পাওয়া গেছে। কিছু মরদেহে চোখ বাঁধা অবস্থায় এবং হাত-পা অনুপস্থিত ছিল।

মতামত দিন