আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন দাবি ট্রাম্পের।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার সিদ্ধান্ত নিতে সম্মত হয়েছেন। এটি ইউক্রেনে চলমান যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার তেল রপ্তানি সীমিত করার উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ বলে জানা গেছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানিয়েছেন, মোদি তাকে আশ্বাস দিয়েছেন যে খুব শিগগিরই ভারত রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করবে। তিনি এ ঘটনার গুরুত্বকে “বড় ধরনের অগ্রগতি” হিসেবে বর্ণনা করেন।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ভারতকে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনা বন্ধে চাপ দিচ্ছ। তবে এ পর্যন্ত দিল্লি তা গ্রহণ করেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। তিনি আরও জানান, বিশ্ববাজারের অস্থিরতায় ভারতীয় ভোক্তাদের স্বার্থ রক্ষা করাই সরকারের মূল অগ্রাধিকার।

রাশিয়ার প্রধান রপ্তানি খাত হলো তেল ও গ্যাস। এর বড় ক্রেতাদের মধ্যে চীন, ভারত ও তুরস্ক উল্লেখযোগ্য। ট্রাম্প বলেন, চীনকেও একই ধরনের পদক্ষেপে রাজি করাতে হবে।

একই সঙ্গে মার্কিন প্রশাসন জাপানকেও রুশ তেল ও গ্যাস আমদানি বন্ধ করতে আহ্বান জানিয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জাপানের অর্থমন্ত্রী কাতসুনোবু কাতোর সঙ্গে বৈঠক করেছেন।

এর আগে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। আগস্ট থেকে কার্যকর এই শুল্ক বিশ্বের সর্বোচ্চ শুল্কের মধ্যে অন্যতম। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর এই অতিরিক্ত শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্রের মতে, রাশিয়ার অর্থনৈতিক চাপ বৃদ্ধি করবে।

মতামত দিন