আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রাজস্থানে চলন্ত বাসে ভয়াবহ আগুন,দগ্ধ হয়ে নিহত ২০।

নিজেস্ব প্রতিবেদক:

রাজস্থানের জয়সালমের থেকে জোধপুরগামী একটি প্রাইভেট বাস ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে অন্তত ২০ যাত্রী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে জয়সালমের-জোধপুর মহাসড়কে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রার কিছুক্ষণ পরই বাসটির পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। চালক রাস্তার পাশে গাড়ি থামানোর চেষ্টা করেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসজুড়ে। এতে পালানোর সুযোগ পাননি অনেক যাত্রী।

স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। মাত্র পাঁচ দিন আগেই বাসটি কেনা হয়েছিল বলে জানা গেছে।

এ ঘটনায় কমপক্ষে ১৫ জন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের জয়সালমের থেকে উন্নত চিকিৎসার জন্য জোধপুর হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের পরিবহনের জন্য বিশেষ ‘গ্রিন করিডোর’ তৈরি করে।

জেলা কালেক্টর প্রতাপ সিং জানিয়েছেন, পুরো বাসটি পুড়ে যাওয়ায় অনেক মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি; ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হবে।

ঘটনার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার রুপি করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

মতামত দিন