ভেনিজুয়েলায় সোনার খনি ধসে ১৪ জন নিহত।
দক্ষিণ ভেনিজুয়েলার এল কালাও পৌর এলাকায় টানা ভারী বৃষ্টিপাতের পর একটি স্বর্ণের খনি ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল রিস্ক সিস্টেমের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। ইতিমধ্যে তিনটি পৃথক খনি-গর্ত থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় স্থানীয় জরুরি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে খনিগুলোর গর্তে জমে থাকা পানি পাম্পের মাধ্যমে সরিয়ে ফেলা হবে, যাতে পানির স্তর নিচে নামানো যায়। এরপর পরিস্থিতি মূল্যায়ন করে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান চালানো হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মতামত দিন