আফগানিস্তানের সঙ্গে সব ধরনের সীমান্ত চলাচল বন্ধ করেছে পাকিস্তান।
সীমান্তে রাতভর গোলাগুলির পর আফগানিস্তানের সঙ্গে সব ধরনের সীমান্ত চলাচল স্থগিত করেছে পাকিস্তান। শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের পর রোববার সকালে তোরখাম ও চামানসহ প্রধান সীমান্ত ক্রসিংগুলো বন্ধ ঘোষণা করা হয়।
পাকিস্তানি সেনাদের ওপর আফগান বাহিনীর আকস্মিক হামলার পর এই সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছে ইসলামাবাদ। অপরদিকে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কাবুলে হামলার জবাবেই তাদের সেনারা পাল্টা আক্রমণ চালিয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, অভিযানে পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছে এবং ২৫টি সীমান্ত পোস্ট নিয়ন্ত্রণে নিয়েছে আফগান বাহিনী।
রয়টার্স জানায়, তোরখাম ও চামান ছাড়াও খারালচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খানের মতো ছোট সীমান্ত পথও বন্ধ রেখেছে পাকিস্তান। ইসলামাবাদ এই হামলাকে ‘বিনা উসকানির আগ্রাসন’ বলে দাবি করে জানায়, জবাবে তারা ভারী গোলাবর্ষণ চালিয়েছে।
আফগানিস্তানের পক্ষ থেকে সীমান্ত বন্ধের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার মধ্যরাতেই অভিযান সমাপ্ত করা হয়েছে।

মতামত দিন