গাজায় শান্তি চুক্তির আওতায় মুক্তি পেতে যাচ্ছেন প্রায় ২ হাজার বন্দি ফিলিস্তিনি।
গাজায় নতুন শান্তি চুক্তির আওতায় মুক্তি পেতে যাচ্ছেন প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির প্রথম ধাপে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অপরদিকে ইসরায়েল প্রায় এক হাজার ৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে আছেন ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দি, যাদের অনেকেই দীর্ঘ সময় ধরে আটক ছিলেন।
চুক্তিতে গাজার একটি নির্দিষ্ট অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, আংশিক নয়—ইসরায়েলের পুরোপুরি সেনা প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা দিতে হবে।
তবে চুক্তির অন্যতম অনিশ্চিত অংশ হচ্ছে হামাসের নিরস্ত্রীকরণ। কখন বা কীভাবে এই প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে এখনো কোনো সুস্পষ্ট সময়সীমা নির্ধারিত হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে বলেন, চুক্তির বাস্তবায়নের পর গাজায় পুনর্গঠনের কাজ শুরু হবে। তার ভাষায়, “এই চুক্তি কার্যকর হলে একেবারে নতুন এক বিশ্ব তৈরি হবে। গাজাকে পুনর্গঠন করা হবে, এবং প্রতিবেশী দেশগুলোও এতে সহযোগিতা করবে।”
ট্রাম্প আরও বলেন, “আমরা আশা করি, গাজা আবারও নিরাপদ ও স্থিতিশীল অঞ্চল হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি এখন আর অসম্ভব নয়।”
মতামত দিন