লন্ডনে মোবাইল ফোন চুরি ও পাচার রোধে বড় অভিযান, আটক ৪৬।
যুক্তরাজ্যের লন্ডনে মোবাইল ফোন চুরি ও পাচার রোধে পরিচালিত বিশেষ অভিযানে আন্তর্জাতিক একটি পাচারচক্রের ৪৬ সদস্যকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। চক্রটি দেশজুড়ে চুরি হওয়া প্রায় ৪০ হাজার মোবাইল ফোন চীনে পাচার করছিল বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীতে মোবাইল ফোন চুরি প্রতিরোধে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বৃহৎ অভিযান। সাম্প্রতিক সময়ে লন্ডনের পর্যটনকেন্দ্র ও ব্যস্ত জনসমাগম এলাকাগুলোতে ছিনতাইকারীদের তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে, যা এই তদন্তের পেছনে অন্যতম কারণ।
‘অপারেশন ইকোস্টিপ’ নামে অভিযানের সূত্রপাত হয় ২০২৪ সালের ডিসেম্বরে, যখন হিথ্রো বিমানবন্দরের কাছ থেকে হংকংগামী এক চালানে এক হাজারের বেশি আইফোন জব্দ করা হয়। পরে তদন্তে দেখা যায়, ফোনগুলোর অধিকাংশই লন্ডনের বিভিন্ন স্থান থেকে চুরি করা।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ৪৬ জনের মধ্যে ১১ জন নতুন মডেলের আইফোন ১৭ সরবরাহকারী ডেলিভারি ভ্যান ছিনতাইয়ের সঙ্গে সরাসরি জড়িত বলে জানা গেছে।
লন্ডনের মেয়র সাদিক খান বলেন, “মেট্রোপলিটন পুলিশ শুধু রাস্তায় ছিনতাইকারীদের নয়, বরং তাদের পেছনের সম্পূর্ণ অপরাধচক্রকেও ধরেছে। এটি যুক্তরাজ্যের ইতিহাসে মোবাইল পাচারবিরোধী সবচেয়ে বড় অভিযান।”
মেট্রোপলিটন পুলিশের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে লন্ডনে মোবাইল ফোন চুরির সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে—যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
মতামত দিন