ক্যালিফোর্নিয়ায় মহাসড়কে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত, গুরুতর আহত ৩।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরের কাছে একটি মেডিকেল হেলিকপ্টার মহাসড়কের ওপর ভেঙে পড়েছে। এতে পাইলটসহ তিনজন ক্রু গুরুতরভাবে আহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে হাইওয়ে ৫০-এর ৫৯ নম্বর সড়কের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্যাক্রামেন্টো ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানান, কপ্টারটি মেডিকেল পরিবহন সংস্থা রিচ এয়ার মেডিকেল-এর মালিকানাধীন ছিল। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে কোনো রোগী ছিলেন না, কেবল তিনজন ক্রু সদস্যই ছিলেন।
দুর্ঘটনার পর উদ্ধারকাজে দ্রুত অংশ নেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথমে দুজনকে ককপিট থেকে টেনে বের করেন, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তৃতীয় ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ক্যাপ্টেন সিলভিয়া বলেন, “তিনজনের অবস্থাই গুরুতর, তবে আশার বিষয় হলো—হেলিকপ্টারটি সড়কে পড়লেও অন্য কোনো যানবাহন বা পথচারী ক্ষতিগ্রস্ত হয়নি।”
দুর্ঘটনার কারণ এখনও নির্ধারণ করা যায়নি। বিষয়টি তদন্ত করছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
এক বিবৃতিতে রিচ জানিয়েছে, দুর্ঘটনা তদন্তে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিচ্ছে।
সূত্র: এএফপি, রয়টার্স
মতামত দিন