আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলে ইয়েমেনের ব্যালিস্টিক হামলা, কেন্দ্রজুড়ে সাইরেন বেজে আতঙ্ক।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে নতুন করে সাইরেন বেজে উঠেছে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি সামরিক বাহিনী।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রামলা, লড, বে’র ইয়াকোভ, রেহোভত, মোদিইন, লাচিশ এবং পশ্চিম তীরের কয়েকটি এলাকায় একযোগে সতর্কসংকেত বাজানো হয়। এ সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা স্থানীয় সূত্রের মতে—ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার বাধা দেওয়ার প্রচেষ্টার ফল হতে পারে।

হামলার পর কিছু সময়ের জন্য বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশপথ বন্ধ রাখা হয়। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবু আতঙ্কে বহু ইসরায়েলি নাগরিক বোমা-শেল্টারে আশ্রয় নেন। পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করেছে।

অন্যদিকে, ইয়েমেনি বাহিনীর ঘোষণা—গাজায় ইসরায়েলের স্থল ও আকাশ হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের পাল্টা অভিযান অব্যাহত থাকবে। তারা জানিয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একাধিক কৌশলগত স্থানে হামলা চালানো হয়েছে।

গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: প্রেস টিভি

মতামত দিন