ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ডে ৬ রোগীর মৃত্যু।
রোববার গভীর রাতে হাসপাতালের নিউরো আইসিইউ ইউনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের সময় আইসিইউতে মোট ১১ জন রোগী ছিলেন। ট্রমা কেয়ারের একটি গুদামঘর থেকে আগুন দ্রুত ছড়িয়ে আইসিইউতে পৌঁছে যায়। এতে ঘটনাস্থলেই চারজন পুরুষ ও দুজন নারী মারা যান। বাকি রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে রয়েছেন—জয়পুরের দিলীপ, সিকরের পিন্টু, ভরতপুরের শ্রীনাথ, রুক্মিণী, খুরমা ও সাঙ্গনা এলাকার বাহাদুর।
দুর্ঘটনার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং দ্রুত চিকিৎসা সম্পন্নের নির্দেশ দেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
তবে নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন, আগুন লাগার পর কর্তব্যরত হাসপাতালকর্মীরা যথাসময়ে সহায়তা করেননি। আগুনে আইসিইউ ইউনিটের গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ও নথিপত্রের বড় অংশ পুড়ে গেছে বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন।
মতামত দিন