বিষাক্ত পদার্থের উপস্থিতি, ভারতের তিন রাজ্যে কাশির সিরাপ নিষিদ্ধ।
ভারতের অন্তত তিনটি রাজ্যে ‘কোল্ড্রিফ কাফ সিরাপ’ নামের একটি ওষুধের বিক্রি ও ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। সিরাপটিতে ডাইথিলিন গ্লাইকোল (ডিইজি) নামে এক ধরনের শিল্পকারখানায় ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে, যা অল্প মাত্রায় গ্রহণ করলেও মানবদেহের জন্য প্রাণঘাতী হতে পারে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের তথ্যে জানা গেছে, এই সিরাপ সেবনের পর বেশ কয়েকজন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা এএফপি জানায়, আগস্টের শেষ দিক থেকে মধ্যপ্রদেশ ও রাজস্থানে পাঁচ বছরের কম বয়সী অন্তত নয়টি শিশুর মৃত্যু ওই সিরাপের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, পরীক্ষাগারে সংগৃহীত নমুনায় অনুমোদিত সীমার বহু গুণ বেশি ডিইজি পাওয়া গেছে। সিরাপটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি কারখানায় ‘স্রেসান ফার্মা’ নামের ওষুধ কোম্পানি উৎপাদন করে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, রাজ্যজুড়ে এই সিরাপের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ওই কোম্পানির তৈরি অন্য ওষুধের বিক্রিও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, তামিলনাড়ু ও কেরালাও একই নিষেধাজ্ঞা জারি করেছে।
ভারতে তৈরি কাশির সিরাপ নিয়ে এটি প্রথম বিতর্ক নয়। ২০২২ সালে ভারতের এক প্রস্তুতকারকের তৈরি সিরাপের সঙ্গে গাম্বিয়ায় ৭০ জনেরও বেশি শিশুর মৃত্যু জড়িত ছিল। সেই ঘটনার পর ভারতীয় ওষুধের মান নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দেয়, যা এবার ফের আলোচনায় এসেছে।

মতামত দিন