ভারতের ওড়িশায় প্রবল বৃষ্টিপাতে ভূমিধস, নিহত ২।
ভারতের ওড়িশায় প্রবল বৃষ্টিপাতের কারণে গজপতি জেলার বাসতিগুড়া ও মেরিপল্লী গ্রামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ত্রিনাথ নায়েক ও লক্ষণ নায়েক।
মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি নিহতদের পরিবারকে প্রতিজনকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম তদারকির জন্য বাণিজ্য ও পরিবহন মন্ত্রীকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
প্রবল বৃষ্টিতে গজপতি, রায়াগাদা ও কোরাপুট জেলার একাধিক স্থানে ভূমিধস, জলাবদ্ধতা এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পুলিশ সুপার জতীন্দ্র কুমার পান্ডা জানিয়েছেন, রাতে ভারি যন্ত্রপাতি ব্যবহার করে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কয়েকটি এলাকায় আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হয়েছে। তবে নদী পার হওয়ার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আরেকজনকে আজ সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে।
রায়াগাদা ব্লকে ভূমিধসের পর থেকে ৭০ বছর বয়সী কার্তিকা শাবারা ও তার ছেলে রাজীব শাবারা নিখোঁজ রয়েছেন। স্থানীয় প্রশাসন তাদের উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে।
ওড়িশার আবহাওয়া বিভাগ অতি ভারী বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগাম পদক্ষেপ নেওয়ায় প্রাণহানি সীমিত হয়েছে। উদ্ধারকাজ এবং নিখোঁজদের সন্ধান অব্যাহত রয়েছে।
মতামত দিন