আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

১৭১৫ সালের ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ থেকে রৌপ্য ও স্বর্ণের মুদ্রা উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক: 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ১৭১৫ সালে ডুবে যাওয়া একটি জাহাজের ধ্বংসাবশেষ থেকে এক হাজারেরও বেশি রৌপ্যমুদ্রা এবং পাঁচটি স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মুদ্রাগুলোর আনুমানিক বাজারমূল্য এক মিলিয়ন ডলার বা প্রায় ১২ কোটি ১৭ লাখ টাকা।

জাহাজ উদ্ধারকারী প্রতিষ্ঠান ১৭১৫ ফ্লিট-কুইন্স জুয়েলস এলএলসি জানিয়েছে, এই ধনভাণ্ডার মূলত একটি বড় ভাণ্ডারের অংশ। জাহাজটি ১৭১৫ সালের জুলাই মাসে স্পেনে ফিরছিলো সোনা, রূপা এবং মূল্যবান রত্নপাথরসহ, কিন্তু ভয়াবহ ঝড়ের কারণে সমুদ্রে ডুবে যায়।

উদ্ধারকৃত মুদ্রাগুলোর মধ্যে অনেকের উৎপাদনের তারিখ ও ট্যাক্সালের নাম স্পষ্ট দেখা যাচ্ছে, যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে। প্রতিষ্ঠানটি বিশেষ মেটাল ডিটেক্টর ও পানির নিচে কার্যকর ডাইভিং যন্ত্রপাতি ব্যবহার করেছে।

অপারেশন ডিরেক্টর স্যাল গুটুসো বলেন, “প্রতিটি মুদ্রা শুধুমাত্র ধন নয়, ইতিহাসের অংশ। স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগের গল্প এগুলো আমাদের সামনে তুলে ধরে। একসঙ্গে ১ হাজার মুদ্রা পাওয়া সত্যিই বিরল ও বিস্ময়কর।”

ফ্লোরিডার আইন অনুযায়ী, সরকারি জলসীমা থেকে উদ্ধারকৃত ধনসম্পদ রাজ্যের সম্পত্তি হিসেবে গণ্য হয়। অনুমতি নিয়ে অনুসন্ধান করলে উদ্ধারকৃত সম্পদের ২০ শতাংশ রাজ্যকে দিতে হয়, বাকি ভাগ কোম্পানি  ও তাদের সাব-কন্ট্রাক্টরদের মধ্যে ভাগ হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুদ্রাগুলো প্রদর্শনের আগে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হবে। কিছু মুদ্রা স্থানীয় জাদুঘরে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ ও পর্যটকরা ফ্লোরিডার সামুদ্রিক  ইতিহাস সরাসরি দেখতে পারে।

সূত্র: জিও নিউজ উর্দু

মতামত দিন