গাজার পথে নতুন বহর, ইসরাইলি অবরোধ ভাঙতে এগোচ্ছে ১১ জাহাজ।
গাজার অবরুদ্ধ জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে আবারও সমুদ্রপথে রওনা হয়েছে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সর্বশেষ অভিযানে অংশ নিচ্ছে ১১টি জাহাজ এবং তাতে রয়েছেন প্রায় একশত মানবাধিকারকর্মী ও যাত্রী।
এফএফসি জানায়, গত ২৫ সেপ্টেম্বর ইতালির অটরান্টো বন্দর থেকে ইতালীয় ও ফরাসি পতাকা বহনকারী জাহাজ যাত্রা শুরু করে। পরে ৩০ সেপ্টেম্বর ‘কনসায়েন্স’ নামে একটি বড় জাহাজ বহরে যোগ দেয়। শিগগিরই ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ শিরোনামে আরও আটটি নৌযান সংযুক্ত হওয়ার কথা রয়েছে। সবকটি একত্র হয়ে গাজা অভিমুখে যাত্রা করবে।
বাংলাদেশি আলোকচিত্রী ও অধিকারকর্মী শহিদুল আলমও এই অভিযানে অংশ নিয়েছেন। তিনি বর্তমানে ‘কনসায়েন্স’ নামের বৃহত্তম জাহাজে রয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) দেওয়া এক ভিডিও বার্তায় শহিদুল জানান, তাদের সঙ্গে রয়েছে আরও আটটি ছোট নৌকা এবং তারা ইতোমধ্যেই ফিলিস্তিনি সময়সীমায় প্রবেশ করেছেন।
উল্লেখ্য, এর আগে গত মাসের শুরুতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে বিশাল এক বহর গাজা অভিমুখে যাত্রা করলে ইসরাইলি নৌবাহিনী সেটি আটক করে। তখন ৪৪টি জাহাজ ও পাঁচ শতাধিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। অতীতে বহুবার গাজামুখী জাহাজে হামলা চালিয়ে যাত্রীদের বহিষ্কার ও পণ্য বাজেয়াপ্ত করেছে ইসরাইল।
প্রায় আঠারো বছর ধরে অবরোধে থাকা গাজা উপত্যকায় বসবাসরত ২৪ লাখ মানুষের জীবন এখন মারাত্মক সংকটে। দীর্ঘদিনের অবরোধ ও সামরিক আগ্রাসনে সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে, দুর্ভিক্ষের আশঙ্কাও ক্রমশ ঘনাচ্ছে।
মতামত দিন