আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় যাওয়ার পথে ফ্লোটিলা আটকাল ইসরায়েল, আটক গ্রেটা থুনবার্গসহ বহু কর্মী।

নিজেস্ব প্রতিবেদক: 

গাজায় মানবিক ত্রাণ বহনকারী আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে বাধা দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। আলজাজিরা জানিয়েছে, এ সময় জলবায়ু আন্দোলনের সুপরিচিত মুখ সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গসহ নৌবহরে থাকা অন্য সক্রিয় কর্মীদের আটক করা হয়।
আটককৃতদের আশোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফ্লোটিলার যাত্রীদের নিরাপদে আটক করা হয়েছে এবং তাদের শারীরিকভাবে কোনো সমস্যা হয়নি। দুই ঘণ্টার মধ্যেই তাদের বন্দরে পৌঁছানো হবে এবং এরপর ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা শুরু হয়েছিল গতরাত থেকে। যুদ্ধবিধ্বস্ত গাজায় দীর্ঘ অবরোধ ভাঙতে ৪৪টি নৌকার বহর যাত্রা শুরু করলেও তার মধ্যে অন্তত ২১টি ইসরায়েল আটক করেছে। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজে ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আগেই ফ্লোটিলাকে অবাধে যেতে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া আন্তর্জাতিক আইনে বৈধ। কিন্তু ইসরায়েল দাবি করছে, এটি তাদের নৌ অবরোধ ভাঙার প্রচেষ্টা। তবে বিশেষজ্ঞরা মনে করেন,আন্তর্জাতিক আইন মানবিক ত্রাণ পাঠানোর অনুমতি দেয়।

আটক ব্যক্তিদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরকির ২১ জন ও মালয়েশিয়ার ১২ জন রয়েছেন। যদিও ইসরায়েলি বাধার মুখে পড়লেও ফ্লোটিলার পুরো উদ্যোগ থেমে যায়নি। এখনও কয়েকটি জাহাজ গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মতামত দিন