সমাবেশে ৪১ মৃত্যু: থালাপতি বিজয়ের রাজনৈতিক রাজ্যব্যাপী সফর স্থগিত।
অভিনয় থেকে রাজনীতিতে আসা তামিল অভিনেতা থালাপতি বিজয় নিজের রাজ্যব্যাপী সফর আপাতত বন্ধ রেখেছেন। কয়েক দিন আগে তামিলনাড়ুর কারুরে তার দলের জনসভায় ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)।
বুধবার (১ অক্টোবর) এনডিটিভির খবরে জানানো হয়, দলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ঘোষণা দিয়ে জানানো হয়েছে—
“এমন শোকের সময়ে দলের নেতার আগামী দুই সপ্তাহের সব জনসভা স্থগিত রাখা হচ্ছে। নতুন কর্মসূচির বিস্তারিত পরে জানানো হবে।”
গত শনিবারের সেই সমাবেশে বিজয় প্রায় সাত ঘণ্টা দেরিতে পৌঁছান। দুপুর থেকেই হাজারো মানুষ জমতে শুরু করেন, যা আয়োজকদের হিসাবের বহু গুণ বেশি ছিল। সমাবেশস্থলে ১০ হাজার মানুষের জায়গা থাকলেও ভিড় হয় প্রায় ৩০ হাজার।
নিরাপত্তা নির্দেশিকা মানা হয়নি, পর্যাপ্ত খাবার, পানি বা জরুরি চিকিৎসার ব্যবস্থা ছিল না। পুলিশ জানায়, এ কারণেই বিশৃঙ্খলা তৈরি হয়, অনেকে অজ্ঞান হলেও অ্যাম্বুলেন্স ভেতরে ঢুকতে পারেনি।
ঘটনার পর বিজয় শোক প্রকাশ করেছেন এবং আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। টিভিকে নেতারা দাবি করেছেন, আগে বহু বড় সমাবেশ হলেও কখনো এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেনি।
সফর আপাতত স্থগিত থাকলেও দল জানিয়েছে, নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে তারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

মতামত দিন