ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯।
রয়টার্স জানায়, সরকারের পক্ষ থেকে জীবিতদের উদ্ধারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ দ্রুত পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সেবুর প্রাদেশিক প্রশাসন ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। কর্মকর্তারা জানান, আহতদের অনেকে হাসপাতালের বাইরে চিকিৎসা নিচ্ছেন, কারণ এখনও আফটারশকের কারণে ভেতরে রাখা ঝুঁকিপূর্ণ।
সিভিল ডিফেন্সের কর্মকর্তা র্যাফি আলেজান্দ্রো জানিয়েছেন, কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত বোগো শহরের একটি হাসপাতালে অসংখ্য আহতকে ভর্তি করা হয়েছে।
রাষ্ট্রপতি ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম চালানোর আশ্বাস দিয়েছেন। মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা ত্রাণ কার্যক্রম তদারকি করছেন বলেও তিনি উল্লেখ করেন।
ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হলেও সেবুর ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর সচল রয়েছে। প্রায় ৩৪ লাখ মানুষের এই দ্বীপাঞ্চল দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি।
এর আগে সান রেমিজিও শহরকেও জরুরি সহায়তার আওতায় আনা হয়। স্থানীয় ভাইস মেয়র আলফি রেইনস উদ্ধারকর্মীদের জন্য পানি, খাদ্য এবং ভারী যন্ত্রপাতির সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাত ১০টার কিছু পর সেবু প্রদেশের উপকূলবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে। যদিও সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
অগ্ন্যুৎপাত ও ভূকম্পন বিষয়ক কর্তৃপক্ষ জানায়, মূল ভূমিকম্পের পর থেকে অন্তত ৬১১টি আফটারশক অনুভূত হয়েছে।
মতামত দিন