পাকিস্তান সফলভাবে উৎক্ষেপণ করল দেশীয় ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্র।
পাকিস্তান সেনাবাহিনী সম্প্রতি ৭৫০ কিলোমিটার পাল্লার দেশীয়ভাবে তৈরি ‘ফাতাহ-৪’ ভূমি-নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ফাতাহ-৪ আধুনিক এভিওনিক্স এবং উন্নত নেভিগেশন সিস্টেমে সজ্জিত। এটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এবং শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিহত করতে পারে। পাকিস্তানের সেনাবাহিনী আশা করছে, এটি প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সঙ্গে মিলিয়ে আঘাত করার ক্ষমতা ও টিকে থাকার সক্ষমতা বৃদ্ধি করবে।
উৎক্ষেপণের সময় চিফ অব জেনারেল স্টাফ, সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা, বৈজ্ঞানিক ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান এবং সার্ভিস প্রধানরা প্রশিক্ষণ উৎক্ষেপণের সাফল্যে সেনা ও প্রযুক্তি কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।
আইএসপিআর সূত্রে জানা গেছে, ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্র পাকিস্তানের আর্মি রকেট ফোর্স কমান্ডের অংশ হিসেবে ব্যবহার হবে এবং দেশের প্রতিরক্ষা শক্তি আরও দৃঢ় করবে।

মতামত দিন