পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ নিহত ১০,আহত অর্ধশতাধিক।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ।
স্থানীয় দৈনিক ডন জানিয়েছে, কোয়েটার মডেল টাউন থেকে হালি রোডে প্রবেশের সময় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হয়। তীব্র শক্তির ধাক্কায় আশপাশের দোকানপাট,গাড়ি ও ভবনের জানালা মুহূর্তেই ভেঙে পড়ে।ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকায় অভিযান চালায় এবং চারজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে।
বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানান, নিহত ও আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি সতর্ক করেছেন। এদিকে বিস্ফোরণের পরপরই প্রদেশজুড়ে সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়।
হামলার নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি বলেন, “এটি স্পষ্ট সন্ত্রাসী তৎপরতা। পাকিস্তানের মনোবল ভাঙার জন্য এ ধরনের কাপুরুষোচিত হামলা কখনো সফল হবে না। বেলুচিস্তানকে শান্তি ও উন্নতির পথে এগিয়ে নেওয়ার লড়াই অব্যাহত থাকবে।”
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে ভারতের ভূমিকা থাকার অভিযোগ করেন। তিনি বলেন, “ভারত সমর্থিত উগ্রপন্থিরা পাকিস্তানের শান্তি নষ্টের ষড়যন্ত্র করছে। কিন্তু এসব চক্রান্ত কোনো দিন সফল হবে না।”
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, কোয়েটার সিভিল হাসপাতাল, বেলুচিস্তান মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টারে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সবাইকে বাধ্যতামূলকভাবে ডিউটিতে থাকতে বলা হয়েছে।
এদিকে বিস্ফোরণের পর পুরো কোয়েটা শহরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে, বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি অভিযান। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
মতামত দিন