আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে তালেবান প্রশাসনের সিদ্ধান্তে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক: 

তালেবান প্রশাসনের সিদ্ধান্তে আফগানিস্তান জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নেটব্লক্সের পর্যবেক্ষণে দেখা গেছে, দেশটি এখন সম্পূর্ণভাবে ব্ল্যাকআউটের আওতায় রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে ফাইবার-অপটিক ইন্টারনেট বন্ধ করতে শুরু করেছিল তালেবান। এর ফলে মোবাইল ইন্টারনেট, স্যাটেলাইট টিভি এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাবুল অফিসের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে।

তালেবান কর্তৃপক্ষ এই পদক্ষেপের আনুষ্ঠানিক কারণ জানায়নি। ২০২১ সালে ক্ষমতায় আসার পর তারা ইসলামি শরিয়াহ আইন অনুযায়ী বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। একজন তালেবান কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টেলিকম সেবা বন্ধ থাকবে।

মাসের শুরু থেকে বিভিন্ন অঞ্চলে ইন্টারনেটের গতি সীমিত করা হয়েছে। অনেক এলাকায় পরিষেবা বন্ধের কারণে ফোন ও অনলাইন সেবা ব্যাহত হচ্ছে।

দেশের বেসরকারি চ্যানেল টোলো নিউজ দর্শকদের সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে খবর অনুসরণের আহ্বান জানিয়েছে। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায়ও প্রভাব পড়েছে; ফ্লাইটরাডার২৪ অনুযায়ী মঙ্গলবার কমপক্ষে আটটি ফ্লাইট বাতিল হয়েছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, পুরো দেশে ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাংকিং ও ই-কমার্স কার্যক্রমে সমস্যা তৈরি হতে পারে।

মতামত দিন