ইন্দোনেশিয়ায় জোহরের নামাজ পড়ার সময় ধসে পড়ল স্কুল ভবন, নিহত ৩।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক আবাসিক স্কুলের ভবন ধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিদোয়ারজো শহরের আল খোজিনি বোর্ডিং স্কুলে শিক্ষার্থীরা জোহরের নামাজ পড়ার সময় ভবনটি হঠাৎ ধসে পড়ে। পুলিশ, সেনা ও উদ্ধারকর্মীরা রাতভর মাটি ও কংক্রিট সরিয়ে উদ্ধারকাজ চালান।
পুলিশ ও উদ্ধারকর্মীদের প্রতিবেদনে বলা হয়েছে, আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা হাসপাতালে ও ঘটনাস্থলে অপেক্ষা করছেন। আহত একজনকে ধুলোয় ঢাকা অবস্থায় বের করার সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বেঁচে যাওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, মেয়েরা ভবনের অন্য অংশে নামাজ পড়ছিলেন বলে তারা সেখান থেকে নিরাপদে বের হতে পেরেছেন। শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ৩৮ জনকে উদ্ধারের চেষ্টা চলছে। ইতিমধ্যে এগারো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৯১ জন নিজে বেরিয়ে গেছেন। আহত ৭৭ জনকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র জুলেস আব্রাহাম আবাস্ত জানিয়েছেন, ভবনটিতে অনুমতি ছাড়া সম্প্রসারণ কাজ চলছিল। নামাজ চলাকালীন হঠাৎ পুরো ভবনটি ধসে যাওয়ার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

মতামত দিন