আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কাতারি নিরাপত্তা কর্মকর্তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে চাইছে ইসরায়েল।

নিজেস্ব প্রতিবেদক: 

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি অভিযানে প্রাণ হারানো এক কাতারি নিরাপত্তা কর্মকর্তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তেলআবিব। দেশটির এক কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে এ খবর দিয়েছে কান পাবলিক ব্রডকাস্টার।


৯ সেপ্টেম্বর দোহায় ওই হামলায় হামাসের পাঁচজন সদস্য নিহত হলেও শীর্ষ পর্যায়ের নেতারা অক্ষত থাকেন। তবে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক কাতারি কর্মকর্তা নিহত হওয়ায় দেশজুড়ে ক্ষোভ দেখা দেয়।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যে কাতারের কাছে ক্ষমা চেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর তারা যৌথভাবে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যুক্ত হন এবং সেখানেই নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেন।

তবে ইসরায়েলের পক্ষ থেকে কবে ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। কান পাবলিক ব্রডকাস্টার মনে করিয়ে দিয়েছে, এর আগেও এমন দৃষ্টান্ত রয়েছে—২০১০ সালে গাজাগামী ত্রাণ জাহাজে প্রাণঘাতী হামলার ঘটনায় তুরস্ককে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছিল ইসরায়েল, যা ২০১৬ সালে স্বাক্ষরিত পুনর্মিলন চুক্তির অংশ ছিল।

এদিকে ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা নেতানিয়াহুর এ পদক্ষেপে বিস্মিত হয়েছেন। তাদের দাবি, আগে থেকে বিষয়টি জানানো হয়নি। সাংবাদিকদের অনুরোধ সত্ত্বেও প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

হামলায় কাতারি কর্মকর্তার মৃত্যুতে শুধু দোহাই নয়, আরব বিশ্বের অনেক দেশই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। একাধিক বৈঠকে মুসলিম দেশগুলো যৌথ সামরিক জোট গঠনের প্রস্তাবও তোলে। তবে ডোনাল্ড ট্রাম্প গাজা ইস্যুতে সমাধানের আশ্বাস দেওয়ায় উদ্যোগটি আপাতত থেমে গেছে।

মতামত দিন