আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জেন-জিদের আন্দোলনে অস্থির মাদাগাস্কার, সরকারের পতন ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক: 

বিদ্যুৎ ও পানির সংকট ঘিরে ‘জেন-জি’ প্রজন্মের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। উত্তাল পরিস্থিতির মুখে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি এ ঘোষণা দেন। খবর—বিবিসি, আলজাজিরা।

বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন ও পূর্ব তিমুরের ধারাবাহিকতার পর এবার মাদাগাস্কারও তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করল। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাজোয়েলিনা স্বীকার করেন, জনগণের প্রত্যাশা পূরণে তার সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “আমাদের মন্ত্রীদের দায়িত্ব পালনে ঘাটতি থাকলে আমরা তা মেনে নিচ্ছি এবং জাতির কাছে ক্ষমা চাইছি।”

রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে টানা বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। বিদ্যুৎ বিভ্রাট ও পানি সরবরাহ সমস্যার কারণে ক্ষুব্ধ তরুণদের নেতৃত্বে বিক্ষোভ আরও শক্তিশালী হয়ে ওঠে। স্থানীয় বিশ্লেষকরা বলছেন, নেপাল ও কেনিয়ার সাম্প্রতিক তরুণ-আন্দোলনের প্রভাবেই মাদাগাস্কারের রাজপথে এত মানুষের ঢল নেমেছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক দাবি করেছেন, বিক্ষোভে অন্তত ২২ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। তার অভিযোগ, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর শুধু টিয়ার গ্যাসই নয়, রাবার বুলেট এবং প্রাণঘাতী অস্ত্রও ব্যবহার করেছে।

তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, বিক্ষোভ নিয়ে বিভ্রান্তি ও গুজব ছড়ানো হচ্ছে এবং বিদেশি মহলকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন