ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা কাঠামোয় বড় ধরনের সংস্কার করেছে। নতুনভাবে চালু হয়েছে চার প্রকার ভিসা, পাশাপাশি পুরোনো ভিসাগুলোর শর্ত, মেয়াদ ও নিয়মেও এসেছে পরিবর্তন।
আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি বলেন, আমিরাতের বর্তমান ও ভবিষ্যতের চাহিদা বিবেচনায় ভিসা ব্যবস্থায় এ পরিবর্তন আনা হয়েছে। তার মতে, এই সংস্কার জীবনযাত্রা সহজ করবে, ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে এবং আমিরাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।
নতুন চার ভিসা
১. কৃত্রিম বুদ্ধিমত্তা ভিসা : প্রযুক্তি বিশেষজ্ঞরা একক বা একাধিকবার ভ্রমণের অনুমতি পাবেন, প্রতিষ্ঠানের স্পন্সরের মাধ্যমে।
২. বিনোদন ভিসা : পর্যটন ও বিনোদন খাতে আগত বিদেশিদের জন্য।
৩. অনুষ্ঠান ভিসা : সাংস্কৃতিক, ক্রীড়া, অর্থনৈতিক বা অন্যান্য ইভেন্টে অংশগ্রহণকারীদের দেওয়া হবে, তবে আয়োজক প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র আবশ্যক।
৪. ক্রুজ কর্মী ভিসা : ক্রুজ জাহাজের কর্মীরা একাধিকবার প্রবেশ করতে পারবেন, শর্ত হলো অনুমোদিত প্রতিষ্ঠানের জামিন ও ভ্রমণ পরিকল্পনা জমা।
অন্যান্য সংস্কার
-
ট্রাক চালকের ভিসা : স্পন্সর প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিমা ও আর্থিক নিশ্চয়তা সাপেক্ষে একাধিকবার প্রবেশের সুযোগ।
-
আত্মীয় ও বন্ধু ভিসা : নিকট আত্মীয়দের ক্ষেত্রে জামিনদারের ন্যূনতম আয় ৪ হাজার দিরহাম, দূরআত্মীয়দের জন্য ৮ হাজার এবং বন্ধুদের ক্ষেত্রে ১৫ হাজার দিরহাম হতে হবে।
-
ব্যবসা স্থাপনের ভিসা : উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বা বিদেশে অভিজ্ঞতার প্রমাণ লাগবে।
বিশেষ মানবিক বিধান
-
মানবিক আবেদন : যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশের নাগরিকরা জামিন ছাড়াই এক বছরের ভিসা পেতে পারেন। তবে দেশ ত্যাগ করলে তা বাতিল হবে।
-
বিদেশি নারীদের সুবিধা : স্বামী মারা গেলে বা বিবাহবিচ্ছেদ হলে স্পন্সর ছাড়াই বসবাসের অনুমতি থাকবে, নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করলে। সন্তান থাকলে অভিভাবকত্বের প্রমাণ দিতে হবে।
সবক্ষেত্রেই আর্থিক সক্ষমতা ও উপযুক্ত বাসস্থানের শর্ত প্রযোজ্য থাকবে, প্রয়োজনে মেয়াদও বাড়ানো যাবে।
বিশ্লেষকদের মতে, এই ভিসা সংস্কার শুধু আমিরাতে ভ্রমণ বা ব্যবসার সুযোগ সহজ করবে না, বরং দেশটিকে বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তি খাতে আরও আকর্ষণীয় কেন্দ্রে পরিণত করবে।

মতামত দিন