আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

প্রথমবার বাংলাদেশের জন্য বৈদেশিক ঋণে সীমা বেঁধে দিল আইএমএফ।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের জন্য বৈদেশিক ঋণ গ্রহণে নতুন বিধিনিষেধ জারি করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলতি অর্থবছরে সর্বোচ্চ ৮৪৪ কোটি ডলারের বেশি ঋণ নেওয়া যাবে না—এমন সীমা এবারই প্রথম আরোপ করা হলো।

গত জুনে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩৪ কোটি ডলার ছাড় দেওয়ার পর যে কান্ট্রি রিপোর্ট প্রকাশ করেছে আইএমএফ, তাতেই এই শর্ত যোগ করা হয়। পরবর্তী কিস্তি পেতে হলে এটি মানতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।

ঋণ নেওয়ার পরিমাণকে চার ভাগে ভাগ করেছে সংস্থাটি। প্রথম তিন মাসে সর্বোচ্চ ১৯১ কোটি, ছয় মাসে ৩৩৪ কোটি, নয় মাসে ৪৩৪ কোটি এবং অর্থবছর শেষে মোট যোগফল ৮৪৪ কোটির বেশি হতে পারবে না। এছাড়া, প্রতি তিন মাস অন্তর আইএমএফ ঋণের অগ্রগতি পর্যালোচনা করবে।

এর আগে ২০২৩ সালে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছিল আইএমএফ, তবে তখন ঋণ নেওয়ার ওপর কোনো কোটা বেঁধে দেওয়া হয়নি। গত অর্থবছরে সরকার ৮৫৭ কোটি ডলার বৈদেশিক ঋণ নিয়েছিল। চলতি বছরের প্রথম মাস জুলাইয়ে নেওয়া হয়েছে মাত্র ২০ কোটি ২৪ লাখ ডলার। অর্থাৎ নতুন শর্ত পূরণে এবার আগের বছরের তুলনায় ঋণ কিছুটা কমাতে হবে।

মতামত দিন