আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলায় গাজায় একদিনে নিহত ৯১।

নিজেস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় শনিবার (২৭ সেপ্টেম্বর) অন্তত ৯১ জনের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৪৮ জন গাজা সিটির বাসিন্দা।

এদের মধ্যে ছয়জন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারান।

মধ্য গাজার সারায়া এলাকায় ইসরায়েলি বাহিনী সরাসরি সাধারণ মানুষের ওপর বোমাবর্ষণ চালিয়েছে  বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, গাজায় তাদের সামরিক লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে এবং প্রয়োজনে আরও বড় ধরনের অভিযান শুরু হবে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫ হাজার ৫৪৯ জন, আহত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া আরও বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে আটক করা হয়েছিল।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে। তবে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য বা সময়সীমা প্রকাশ করেননি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এক হামাস কর্মকর্তা অবশ্য নিশ্চিত করেছেন, তাদের কাছে এখনো কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছেনি। ইসরায়েলও ট্রাম্পের বক্তব্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে।

মতামত দিন