দুবাইয়ে নারীদের শোষণ ও যৌনকর্মে বাধ্য করা চক্রের মূল হোতা গ্রেপ্তার।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারীদের শোষণ ও যৌনকর্মে বাধ্য করার অভিযোগে একটি চক্রের প্রধান আটক হয়েছে। বিষয়টি প্রকাশিত হয়েছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানী প্রতিবেদনের পরে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন চার্লস ‘অ্যাবি’ মোসিগা। সরকারি কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, তাকে আল আওয়াইরে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। আদালতে তার হাজির করা হয়েছে কি না, বা তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিবিসির অনুসন্ধানে জানা যায়, মোসিগা নিজে প্রকাশ্যে জানিয়েছিলেন, একটি সেক্স পার্টির জন্য নারীদের সরবরাহের জন্য তিনি ন্যূনতম এক হাজার ডলার নিতেন। অর্থ প্রদান করলে নারীদের দিয়ে যেকোনো ধরনের কর্মকাণ্ড করানো সম্ভব হতো।
উগান্ডার কয়েকজন তরুণীও মোসিগার বিরুদ্ধে মুখ খুলেছেন। তারা জানিয়েছেন, চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভনে দুবাই আনা হয় এবং সেখানে যৌনকর্মে বাধ্য করা হয়। এভাবে তারা চক্রটির নিয়ন্ত্রণে চলে আসেন।
উগান্ডার দূতাবাসও বিষয়টি নিয়ে পদক্ষেপ নিয়েছে এবং মানবপাচারের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। তারা জানিয়েছে, ইন্টারপোলের সঙ্গে সমন্বয় করে ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মোসিগার বিরুদ্ধে ইতিমধ্যেই ইন্টারপোল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
মতামত দিন