মালয়েশিয়ায় এক রাতের অভিযানে ৮৯৮ অনিবন্ধিত অভিবাসী আটক, ১৫০ জন বাংলাদেশি।
সেলাঙ্গার অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন জানিয়েছেন, গত চার মাসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান সম্পন্ন করা হয়েছে। অভিযানে শতাধিক দোকান ও বাণিজ্যিক ভবনে তল্লাশি চালানো হয়।
অভিযানে মালয়েশিয়ান রয়েল পুলিশ, মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্সেস, ক্লাং রয়েল সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগের ২৪২ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। ১,১৩২ জনের পরিচয়পত্র যাচাই করা হলে ৮৯৮ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৬৪৩ জন পুরুষ এবং ১৯ জন নারী। বয়স ১৬ থেকে ৮০ বছরের মধ্যে। অন্যান্য দেশের মধ্যে রয়েছে—ইন্দোনেশিয়ার ৬৪৩, পাকিস্তানের ৩৫, মিয়ানমারের ৩৬, নেপালের ২৪ এবং ভারতের ১০ জন। বাংলাদেশি নারীর সংখ্যা বিস্তারিত জানা যায়নি।
আটককৃতদের সেলাঙ্গার অফিসে রাখা হয়েছে এবং কাগজপত্র যাচাই শেষে তাদের সেমেনিয়াহ ইমিগ্রেশন সেন্টারে পাঠানো হবে। ইমিগ্রেশন কর্মকর্তারা সতর্ক করেছেন, নিয়োগকর্তারা যেন অনিবন্ধিত কর্মীদের আশ্রয় না দেন। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের সময় কিছু নিয়োগকর্তা তাদের কর্মীদের পাসপোর্ট দিয়ে সহযোগিতা করেছেন, যা প্রমাণ করে সবাই আইন লঙ্ঘন করেনি। অভিযান নিয়মিত চালানো হবে এবং কোনো অনিবন্ধিত কর্মী মালয়েশিয়ায় অবস্থান করতে পারবে না।
মতামত দিন