আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

উগ্র বামপন্থী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ভবনে বুধবার একটি বন্দুক হামলা সংঘটিত হয়। এই ঘটনায় একজন বন্দি নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে উগ্র বামপন্থী সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন এবং কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

হামলাকারী জশুয়া জান (২৯) নিকটবর্তী ভবনের ছাদ থেকে বন্দি পরিবহন ভ্যানে গুলি চালান। পরে ধারণা করা হচ্ছে, নিজেই মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া খোসায় নীল মার্কারে “অ্যান্টি-আইসিই” লেখা ছিল। উল্লেখযোগ্য, আইসিই কর্মকর্তারা আহত হননি। আহতদের মধ্যে একজন মেক্সিকান নাগরিক বলে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, হামলাটি “ঘৃণ্য” এবং এ ধরনের সহিংসতার পেছনে রাজনৈতিক দায় রয়েছে। তিনি বলেন, চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর থেকে উগ্র বামপন্থী সন্ত্রাসীদের সহিংসতা বন্ধ করতে হবে। এ সপ্তাহে তিনি এমন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন যা দেশীয় সন্ত্রাসী নেটওয়ার্ককে মোকাবিলা করবে।

হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোম ফক্স নিউজকে জানিয়েছেন, আইসিই কর্মকর্তাদের সংখ্যা বাড়ানো হবে এবং স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হবে। হামলাকারীকে তিনি “অশুভ” আখ্যা দিয়েছেন এবং ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সমালোচনা করেছেন।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, হামলাকারী জান “সহিংস বামপন্থী উগ্রবাদী” ছিল। তিনি আরও  সতর্ক করেছেন যে রাজনৈতিক বক্তব্য যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সহিংসতাকে উৎসাহিত করে, তাহলে এর ফল ভয়ানক হতে পারে।

জান-এর ভাই নোয়া জানিয়েছেন, তিনি তার ভাইয়ের রাজনৈতিক অবস্থান বা আইসিই-র প্রতি শত্রুতা সম্পর্কে অবগত ছিলেন না। জনসাধারণের রেকর্ড অনুযায়ী, জান পূর্বে মাদক সংক্রান্ত অপরাধে দণ্ডিত হয়েছেন এবং স্বতন্ত্র ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।

এফবিআই ডালাসের হামলাকে “টার্গেটেড ভায়োলেন্স” হিসেবে চিহ্নিত করেছে। এটি টেক্সাসে আইসিই স্থাপনায় সাম্প্রতিক দ্বিতীয় হামলা। এর আগে জুলাইয়ে আলভারাডোর একটি আটককেন্দ্রের বাইরে পুলিশের উপর গুলি চালানো হয়েছিল।

সূত্র: আরটি

মতামত দিন