রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা,ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ।
রাশিয়ার ভেতরে বড় ধরনের হামলার খবর এবার আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ নীরব থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সত্যতা নিশ্চিত করেছে।
বিবিসি বুধবার (২৪ সেপ্টেম্বর) জানিয়েছে, মস্কো থেকে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ওই শোধনাগারের সাম্প্রতিক ভিডিও তারা বিশ্লেষণ করেছে। ভিডিওর আশপাশের ভবন, সড়ক ও গুগল-ইয়ানডেক্স স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে স্থান শনাক্ত করা হয়। যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, এটি সালাভাত শহরের গ্যাজপ্রম নেফতেখিম শোধনাগার।
প্রতিবেদনে আরও বলা হয়, একটি ক্লিপ উলিৎসা পারভোমাইস্কায়া সড়কের প্রধান গোলচত্বরের কাছে একটি ভবন থেকে ধারণ করা হয়েছে। ফুটেজটি নতুন বলে নিশ্চিত করতে স্ক্রিনগ্র্যাবের রিভার্স ইমেজ সার্চও করা হয়েছে।
বাশকোর্তোস্তানের আঞ্চলিক গভর্নর রাদি খাবিরভ সকালে টেলিগ্রামে স্বীকার করেছেন, শোধনাগারটি ইউক্রেনীয় ড্রোন হামলার শিকার হয়েছে।
উল্লেখ্য, এই স্থাপনায় এটি প্রথম হামলা নয়। এর মাত্র এক সপ্তাহ আগে, গত ১৮ সেপ্টেম্বর, একই শোধনাগারে ড্রোন আঘাত হানে এবং তাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে তখন হতাহতের কোনো খবর মেলেনি।

মতামত দিন