সৌদি আরবে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেলেন শায়খ সালেহ বিন হুমাইদ।
সৌদি আরবে সর্বোচ্চ ধর্মীয় পদ ‘গ্র্যান্ড মুফতি’ হিসেবে প্রফেসর ড. শায়খ সালেহ বিন হুমাইদকে নিয়োগ দেওয়া হয়েছে। মক্কার মসজিদে হারামের কর্তৃপক্ষ এ নিয়োগের তথ্য নিশ্চিত করেছে।
শায়খ সালেহ বিন হুমাইদ আগের গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের মৃত্যুর পর এই পদে দায়িত্ব নেন। নতুন নিয়োগের আগে তিনি মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
সৌদি আরবের একজন শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও বিচারক হিসেবে তিনি পরিচিত। ১৯৯৩ সাল থেকে সৌদি পরামর্শদাতা পরিষদ ‘মজলিস আল শুরা’-এর সদস্য এবং ২০০২ থেকে ২০০৯ পর্যন্ত এ পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি মক্কার মসজিদ আল-হারামের ইমাম, মক্কার আরবি ভাষা একাডেমির সদস্য এবং জেদ্দায় আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি। ২০১৬ সালে তিনি কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার থেকে ‘সার্ভিস টু ইসলাম’ পুরস্কার অর্জন করেন।
ধর্মীয় আইন ও প্রশাসনে তার দীর্ঘ অভিজ্ঞতা, জনগণের আস্থা অর্জন এবং হজের খুতবা প্রদানে সফলতার কারণে শায়খ সালেহকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

মতামত দিন