গাজায় মানবিক বিপর্যয় মোকাবিলায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া।
মধ্যপ্রাচ্যের অবরুদ্ধ গাজায় চলমান মানবিক বিপর্যয় মোকাবিলায় শান্তিরক্ষী পাঠানোর প্রস্তুতি জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। জাতিসংঘের সাধারণ অধিবেশনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো।
প্রাবোয়ো ভাষণে বলেন, “গাজার অসহনীয় পরিস্থিতি আমাদের গভীরভাবে চিন্তিত করেছে। হাজারো নিরপরাধ মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। দুর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞ চলছে। আমরা সকল ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই।”
তিনি আরও জানান, ইন্দোনেশিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে আগ্রহী। একই সঙ্গে তিনি দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি দেশের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রাবোয়ো বলেন, “ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে এবং তার স্বাধীনতা মেনে নিলে ইসরায়েলকেও স্বীকৃতি দেওয়া হবে এবং নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে।”
প্রেসিডেন্ট প্রাবোয়ো আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হয়ে মানবিক বিপর্যয় রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের প্রক্রিয়া গতিশীল হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া, কানাডাসহ যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের কড়া বিরোধ জানিয়েছে। সম্প্রতি ফ্রান্স, বেলজিয়াম, মাল্টা ও লুক্সেমবার্গও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যা ইসরায়েলের দীর্ঘকালীন দখলদারিত্বের সমাপ্তির লক্ষ্যে বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
মতামত দিন