যুক্তরাষ্ট্র তাদের পরমাণু অস্ত্রত্যাগের দাবিটি প্রত্যাহার করলে,আলোচনায় বসতে প্রস্তুত উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের পরমাণু অস্ত্র পরিত্যাগের দাবি তুলে নেয়, তবে তারা পারস্পরিক আলোচনায় বসতে প্রস্তুত।
২০১৮ ও ২০১৯ সালে কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনবার বৈঠক করেছেন।
উত্তর কোরিয়া বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র পরিত্যাগের দাবি মানতে অস্বীকার করছে। তারা বলছে, তাদের পারমাণবিক ক্ষমতা দেশের সংবিধান অনুযায়ী চিরস্থায়ী এবং তা আর পরিবর্তনযোগ্য নয়।
জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনের সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র বোর্ড মিটিংয়ে যুক্তরাষ্ট্র তাদের অস্ত্রকে অবৈধ বলে উল্লেখ করে ‘গুরুতর রাজনৈতিক চাপ’ সৃষ্টি করেছে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ১৯৯৪ সাল থেকে আইএইএ-এর কার্যক্রম থেকে বের হয়ে গেছে এবং এরপর থেকে সংস্থার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না।
এই ঘোষণার কয়েকদিন আগে কিম জং উন নিজে অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, পারমাণবিক ও প্রচলিত সামরিক শক্তি আরও উন্নত এবং সম্প্রসারিত করা হবে।
সূত্র: শাফাক নিউজ
মতামত দিন