লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় মার্কিন নাগরিকসহ নিহত ৪।
লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বিনত জবেইলে ইসরায়েলের চালানো এক ড্রোন হামলায় শিশুসহ অন্তত চারজন মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি উঠেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) আলজাজিরা এ তথ্য জানায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একই পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারান, যাদের মধ্যে তিনজন শিশু—সেলিন, হাদি ও আসিল। সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যেখানে আরও দুজন আহত হন।
লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরি দাবি করেছেন, নিহতদের মধ্যে শিশু ও তাদের বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিয়ে দ্বিধান্বিত মন্তব্য করেছে। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে—তাদের কাছে থাকা তথ্যে নিহতদের মার্কিন নাগরিক হওয়ার প্রমাণ মেলেনি। শুধু একজন পূর্বে অভিবাসন ভিসার আবেদন করেছিলেন।
অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, হামলায় হিজবুল্লাহর একজন সদস্যকে টার্গেট করা হয়েছিল। তবে তারা স্বীকার করেছে, এ ঘটনায় বেসামরিক লোকও প্রাণ হারিয়েছেন।
প্রসঙ্গত, ইসরায়েল প্রায় নিয়মিতভাবেই লেবাননের দক্ষিণাঞ্চলে আক্রমণ চালাচ্ছে। দেশটির দাবি—ইরান-সমর্থিত হিজবুল্লাহ যেন নতুন করে সামরিক শক্তি গড়ে তুলতে না পারে, সে কারণেই এই অভিযান অব্যাহত রাখা হয়েছে। যদিও গত বছরের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধযোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, এরপরও ইসরায়েল বারবার সেই চুক্তি ভঙ্গ করছে।
মতামত দিন