আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ২৫ বাংলাদেশিসহ ৪২ জনকে অবৈধ প্রবেশের দায়ে কারাদণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কেলান্তান রাজ্যে অভিযানে আটক ২৫ জন বাংলাদেশিসহ মোট ৪২ জন অভিবাসীকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২১ সেপ্টেম্বর) তানাহ মেরাহ বিশেষ সেশন কোর্টের বিচারক নিক হাবরি মুহাম্মদের আদালতে রায় ঘোষণার সময় সবাই দোষ স্বীকার করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৫ জন বাংলাদেশি ছাড়াও ১৪ জন মিয়ানমারি, দুই পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন। তারা ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন অনুযায়ী ধারা ১৫(১) ও ধারা ৬(৩) লঙ্ঘনের অপরাধে অভিযুক্ত হন। অভিযোগ পাঠের পর আদালতে প্রত্যেককে সম্মতিসূচক প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর সিটি খাইদিজাহ খাইরুদ্দিন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রায়ে ৪১ জনকে পাসির মাস জেলার কারাগারে এবং বাকি একমাত্র অভিযুক্ত—মাত্র ১৮ বছর বয়সী যুবককে মাচং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রায় ঘোষণার বাইরে আটক ব্যক্তিদের স্বজনরা ভিড় করেন। তারা খাবার ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আদালতের প্রাঙ্গণে হাজির ছিলেন।

মতামত দিন