আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারতীয় বাজারে বাংলাদেশের ইলিশ নিয়ে কাড়াকাড়ি।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতীয় বাজারে বাংলাদেশ থেকে ইলিশ মাছের প্রথম চালান পৌঁছেছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)। কলকাতার বিভিন্ন বাজারে মাছ পৌঁছার পর দুপুরের মধ্যেই সব বিক্রি হয়ে গেছে।
উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতা প্রথম দিন খালি হাতে ফিরেছেন, তবে পরবর্তী চালান আসলে দাম কমতে পারে বলে আশা করছে ক্রেতারা।

প্রাথমিকভাবে প্রায় এক কেজির ইলিশ প্রতি কেজি ২০০০ রুপি, আর ১.৫ কেজির বেশি বড় মাছ ২৫০০ রুপিতে বিক্রি হয়েছে। হাওড়ার পাইকারি ডিপোতে মাছের দাম এক কেজির বেশি ওজনের ইলিশে ১৫০০ থেকে ১৮০০ রুপির মধ্যে ছিল। বাজারে সরবরাহ সীমিত হওয়ায় প্রথম দিন কিছু ঘাটতি দেখা দিয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১,১৯২ কেজি ইলিশ ত্রিপুরা পৌঁছেছে। এর আগে ১৬ সেপ্টেম্বর বেনাপোল বন্দর দিয়ে ৩৭.৪৬ টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়।

সরকারের অনুমতি অনুযায়ী, এই মৌসুমে ১,২০০ টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে। প্রতি কেজির রপ্তানি মূল্য নির্ধারিত হয়েছে ১২.৫০ ডলার বা প্রায় ১৫২৫ টাকা। ব্যবসায়ীরা মনে করছেন, ইলিশ রপ্তানি ভারতের সঙ্গে দুই দেশের সৌহার্দ্য বাড়াবে, তবে স্থানীয় বাজারে দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে।

মতামত দিন