আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইউরোপের গুরুত্বপূর্ণ বিমানবন্দরে সাইবার হামলা, ফ্লাইট স্থগিত ও বিলম্বিত।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের হিথ্রোসহ ইউরোপের কয়েকটি প্রধান বিমানবন্দরে শুক্রবার রাতে সাইবার হামলার ঘটনা ঘটে। এর কারণে বিভিন্ন এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

প্রত্যক্ষ সূত্র জানায়, হামলার লক্ষ্য ছিল চেক-ইন ও বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিনস  অ্যারোস্পেসের ওয়েবসাইট। লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দর এই ত্রুটির সরাসরি প্রভাবভোগী।

কলিনস অ্যারোস্পেস এক বিবৃতিতে জানিয়েছে, “প্রযুক্তিগত ত্রুটির কারণে সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সমস্যার সমাধানে কিছু সময় লাগবে।” উল্লেখযোগ্য যে, ইউরোপের বেশিরভাগ বিমান সংস্থা এই সেবা ব্যবহার করে থাকে, তাই প্রভাব বেশি বিস্তৃত হয়েছে।

ইউরোকন্ট্রোল জানিয়েছে, শনিবার ভোর ৪টা থেকে রবিবার রাত ২টা পর্যন্ত বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হতে পারে। লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফোনে এই তথ্য জানিয়েছে।

ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, ইন্টারনেট পরিষেবা পুনরায় সচল না হওয়া পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের সেবা প্রদান করা হবে। তবে ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে হামলার প্রভাব পড়েনি।

মতামত দিন