রাশিয়ার কামচাটকায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি।
রাশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কামচাটকা উপদ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরীয় সাবমেরিন ঘাঁটি ও একাধিক বিমান ঘাঁটির জন্য পরিচিত এই অঞ্চলে ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, জরুরি সেবাগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো প্রকাশ করা হয়নি এবং সামরিক ঘাঁটির সাবমেরিন বা বিমান সরানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কামচাটকার রাজধানী পেত্রোপাভলোভস্কের আশপাশেই রয়েছে ইয়েলিজোভো বিমান ঘাঁটি এবং ভলিউচিনস্ক সাবমেরিন ঘাঁটি। এছাড়া শহর থেকে প্রায় ১৪৩ কিলোমিটার উত্তরে শারোমি বিমান ঘাঁটি ও একটি নৌবিমান ঘাঁটিও অবস্থিত।
ভূমিকম্পের পর মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার হাওয়াই ও জাপানসহ প্রশান্ত মহাসাগরজুড়ে সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্ক করেছে। স্থানীয় ১ লাখ ৮০ হাজারের বেশি বাসিন্দাকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম ভূমিকম্প-প্রবণ অঞ্চল কুরিল–কামচাটকা আর্কের ওপরেই অবস্থিত এই উপদ্বীপ। এর আগে গত ১৩ সেপ্টেম্বর একই অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল এবং তখনও সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

মতামত দিন